শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম নিহত

মাদারীপুরের শিবচরে এশার নামাজ পড়ে হেঁটে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তিনি শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে, কলেজ মোড়সংলগ্ন একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। পথিমধ্যে সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেলের সজোড় ধাক্কায় তিনি প্রায় ১০ মিটার দূরে ছিটকে পড়েন এবং বাহনটির আরোহীও সড়কে আছড়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটির গতি খুব বেশি না থাকলেও ধাক্কায় তিনি বুক ও মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিবচর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। তবে ঘটনার পরই বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এই দুর্ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের যাবতীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে শহিদুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিবচর উপজেলা বিএনপি।