নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম। এই তিন ব্যক্তি হলেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন এবং আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে। এছাড়া এ ধরনের উদ্যোগ অন্যদেরও ভালো কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে তিনি মত প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অনুপ্রেরণাদায়ী ব্যক্তিরা। প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম, ব্যতিক্রমী উদ্যোগ ও সমাজের কল্যাণে পরিচালিত কার্যক্রমের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কাজের প্রশংসার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
নায়লা শারাফের ব্যতিক্রমী পেশা নির্বাচনের বিষয়টি এ সময় উঠে আসে। বুয়েট থেকে পড়ালেখা শেষ করে এলজিইডি ও জনতা ব্যাংকে কাজ করার পর ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও তিনি সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানের পথ বেছে নেন। গত সাত বছর ধরে তিনি নেত্রকোনার পাঁচআননপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিজেই শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট তৈরি করছেন।
নরসিংদীর মো. আলতাফ হোসেন জন্ম থেকেই দুই হাতহীন হওয়ার পরেও দমে যাননি। পা দিয়ে লেখা শিখে ২০০৭ সালে তিনি নরসিংদীর পাঁচদোনায় ‘প্রতিভা দুঃখু মিয়া কিন্ডারগার্টেন স্কুল’ প্রতিষ্ঠা করেন। নিজের সঞ্চয় ও পৈতৃক জমি বিক্রির টাকায় গড়ে তোলা এই বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ১৪৫ জন শিক্ষার্থী রয়েছে। তার কথা শুনে প্রধানমন্ত্রী নতুন স্কুলভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল ইমামতির পাশাপাশি প্রায় তিন দশক ধরে নিজের অর্থ ও শ্রমে হাজার হাজার গাছ লাগিয়েছেন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে নার্সারি গড়ে তোলা এই ব্যক্তি বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী সবার উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের কার্যক্রম অব্যাহত রাখতে উৎসাহ প্রদান করেন।

