নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষার ও আতিকুল ইসলাম। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর দুটি পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল এবং তার ভাই আতিকুল ইসলামকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অ্যাডভোকেট মাহবুবুর রহমান তুষারকে দেওভোগের পাকা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে আটক করা হয়। বুধবার সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, কিছুদিন আগে ফতুল্লা থানার আওতাধীন জামতলা অক্টো অফিস এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল বের করা হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে আইভী সমর্থকদের অভিযোগ, গত ১৩ অক্টোবর আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনার জের ধরেই এই গ্রেপ্তার অভিযান চালানো হয়েছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন ডা. আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি ও তার জামিনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিনি নেতাকর্মীদের বেষ্টিত অবস্থায় ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন, যার সঙ্গে উপস্থিত নেতাকর্মীরাও কণ্ঠ মেলান।

