বলিউড ইন্ডাস্ট্রিতে সহকর্মী হিসেবে একসঙ্গে কাজ করলেও পর্দার বাইরের দুই নায়িকার মধ্যে বন্ধুত্বের গভীরতা নিয়ে বরাবরই নানা প্রশ্ন ওঠে। প্রতিযোগিতামূলক এই পেশায় ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা কঠিন বলেই মনে করেন অনেকে। জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি নিজেও এই মতের সঙ্গে একমত। তার মতে, দুই নায়িকার মধ্যে প্রকৃত ও গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠা খুব একটা সহজ নয়।
একসময় পরিচালক ও প্রযোজক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়ে নায়িকাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন রানী। সেই অনুষ্ঠানে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছিলেন, পেশাগত ক্ষেত্রে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ বা গভীর বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। তার এই মন্তব্য সে সময় বলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
দীর্ঘ অভিনয়জীবনে রানী মুখার্জি অসংখ্য চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তাকে পর্দায় তুলনামূলক কম দেখা যায়। গত জানুয়ারিতে ‘মার্দানি ৩’ সিনেমায় এসিপি শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করে তিনি আবারও আলোচনায় আসেন। তার এই চরিত্রটি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এমনকি বলিউড বাদশাহ শাহরুখ খানও তার কাজের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
অভিনয়ের বাইরেও রানী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত রয়েছেন। নারী ও শিশুর অধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তার বিশেষ ভূমিকার স্বীকৃতি হিসেবে কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি তাকে ‘ডক্টর অব লেটারস’ সম্মানসূচক ডিগ্রি প্রদান করেছে। এই সম্মাননা প্রদানের সময় বিশ্ববিদ্যালয়টি তার ক্যারিয়ারের ২ দশকেরও বেশি সময়ের অবদানকে বিশেষভাবে উল্লেখ করেছে।

