উত্তরায় জি এম কাদেরের বাসভবনে হামলা ও ইটপাটকেল নিক্ষেপ

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা জি এম কাদেরের বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বেলা পৌনে ১১টার দিকে একদল দুর্বৃত্ত তার বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এই ঘটনায় ভবনের কাচ ভেঙে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য জানান, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে একদল দুষ্কৃতকারী এই হামলা চালায়। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একদল নারী-পুরুষ ব্যানার নিয়ে বাসার সামনে অবস্থান নেয়। প্রায় দশ মিনিট পর সেখান থেকে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর শুরু করা হয়।

ঘটনার সময় জি এম কাদের বাসায় নাশতা করছিলেন। তিনি জানান, হঠাৎ করে চারদিক থেকে ঢিল ছোড়া শুরু হয়। সে সময় বাসায় লোকবল কম ছিল। বাসার গেটে তালা লাগানো থাকায় হামলাকারীরা ভেতরে ঢুকতে পারেনি, তবে জানালার কাচ ভেঙে ড্রয়িংরুমে ছড়িয়ে পড়ে। হামলাকারীরা কারা—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ভেতরে থাকায় তিনি তাদের শনাক্ত করতে পারেননি।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, বেলা ১১টার দিকে ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের আর পায়নি। সাধারণ জনতার ব্যানারে ৩০-৪০ জন এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।