মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মা ইলিশের নিরাপদ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে যমুনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১০ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এই অভিযানে অবৈধ ৮৫টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই জালগুলোর বাজারমূল্য প্রায় ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। অভিযান শেষে আরিচা ঘাটের অদূরে যমুনা নদীর পাড়ে জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী মা ইলিশ রক্ষায় এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কার্যালয়, থানা-পুলিশ, নৌপুলিশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড অংশগ্রহণ করে।
শিবালয় উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসন ও মৎস্য কার্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে জাল ফেলবে বা ইলিশ শিকার করবে, তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় এই ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জাতীয় এই সম্পদ সংরক্ষণে সবাইকে সচেতন ও এগিয়ে আসতে হবে।

