কুমিল্লায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুমন নামের এক অটোরিকশাচালককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, ওই কিশোরীকে ধর্ষণের পর অটোরিকশাচালক সুমন শ্বাসরোধ করে হত্যা করেন। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহত কিশোরীর ব্যবহৃত আইফোনটিও উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে ওই কিশোরী কক্সবাজার থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোডে তিশা কাউন্টারে এসে নামে। সেখান থেকে নগরের রেইসকোর্স এলাকায় নিজের ভাড়া বাসায় ফেরার জন্য সে ৩০০ টাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে। যাত্রাপথে চালক সুমনকে দিয়ে কিশোরী কলা ও রুটিও কেনায়।
পুলিশের তদন্তে জানা যায়, বাসায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সুমন নির্ধারিত পথে না গিয়ে চাঁদপুর সড়কের দিকে গাড়ি নিয়ে চলে যান। এরপর লাকসামের বিজরা বাজার হয়ে লালমাই উপজেলার জগতপুর এলাকায় ফিরে আসেন। এই পথ পাড়ি দিতে প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় হয়। জগতপুর এলাকায় পৌঁছালে সুমন অটোরিকশা বন্ধ করে দেন। রেইসকোর্স এলাকা নয় বুঝতে পেরে কিশোরী ভয় পেয়ে গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে সুমন তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং সঙ্গে থাকা গামছা দিয়ে গলায় পেঁচিয়ে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে কিশোরী দুর্বল হয়ে পড়লে সুমন তাকে ধানক্ষেতে নিয়ে যান এবং পা দিয়ে মাথা চেপে ধরে মৃত্যু নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া আরও জানান, হত্যার পর কিশোরীর ব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানক্ষেতে ফেলে দেন সুমন। অটোরিকশাটি ঘটনাস্থলে রেখে তিনি কাচিকাটা মসজিদের সামনে গিয়ে পুকুরে গোসল করেন। এরপর আরেকটি সিএনজিতে বাখরাবাদ এলাকায় গিয়ে পুকুরপাড়ের ঝোপে আইফোনটি লুকিয়ে রেখে পালিয়ে চট্টগ্রামে চলে যান। উল্লেখ্য, গত ৮ অক্টোবর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

