পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৯ দেশে সুনামি সতর্কতা

পানামায় স্থানীয় সময় শুক্রবার সকালে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ প্রান্তের কাছে প্রত্যন্ত জনপদ পিতালোসা আরিবার প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। এর কিছুক্ষণ পর ইউএসজিএস জানায়, দেশটিতে ৬.৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

ভূমিকম্পের তীব্র কম্পন রাজধানী পানামা সিটিতেও অনুভূত হয়েছে। কম্পনের ফলে ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এই ঘটনাকে একটি ‘বড় ধরনের বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা একটি সতর্কতা জারি করে। এতে জানানো হয়, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে পানামা, কলম্বিয়া, কোস্টারিকা, ইকুয়েডর, পেরু, নিকারাগুয়া, গুয়াতেমালা, এল সালভাদর ও মেক্সিকোর উপকূলের কিছু অংশে বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে। তবে শুক্রবার বিকালের দিকে এই সতর্কতা তুলে নেয়া হয়।

প্রাকৃতিক এই দুর্যোগের প্রভাবে রাজধানী পানামা সিটির তোকুমেন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে কার্যক্রম বন্ধ করে দেয় এবং লোকজনকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করে। শুক্রবার বিকালের দিকে বিমানবন্দরটির কার্যক্রম পুনরায় চালু হয়।