চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি বাতিলের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সই করা ১৫ বছরের কনসেশন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। এই একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে বন্দর ভবনের মূল ফটকের সামনে বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বন্দর ভবনের সামনে থেকে শুরু হয়ে নিমতলা বিশ্বরোড মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

সমাবেশে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অন্যতম সমন্বয়ক হুমায়ুন কবির বলেন, গত দুই বছর ধরে তারা এনসিটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ না করার পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেছেন। এখন আর যুক্তিতর্ক নয়, তারা সরকারের কাছে আলোচনার পথ তৈরির আহ্বান জানাচ্ছেন। তিনি ঘোষণা দেন, আগামী রোববারের মধ্যে আলোচনার পরিবেশ তৈরি না হলে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বন্দরের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ভবনের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে।

বন্দর শ্রমিক দলের বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার বলেন, আলোচনা ছাড়া কোনো চুক্তি শ্রমিকরা মেনে নেবেন না। তাদের এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, বরং যারা সরকারকে ভুল বোঝাচ্ছে তাদের থেকে সরকারকে মুক্ত করার জন্য। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আরেক সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, বারবার আলোচনার আহ্বান জানানো সত্ত্বেও একতরফাভাবে এই চুক্তি করা হয়েছে, যা বন্দরের ইতিহাসে কালো দিবস হিসেবে চিহ্নিত থাকবে। প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে জানান। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা এবং বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিমসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকায়ও একই চুক্তির বিরোধিতায় সিপিবি ও বাসদসহ কয়েকটি সংগঠন বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে তারা জড়ো হয়ে কর্মসূচি পালন করেন। সিপিবি’র দাবি অনুযায়ী, পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম ১৫ বছরের এই কনসেশন চুক্তিতে স্বাক্ষর করেন।