মানবজমিন-এর প্রথম পাতায় ‘সেই আলোচিত ভবনটি এখন একজন প্রতিমন্ত্রীর কব্জায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমানের পাঠানো প্রতিবাদলিপিতে দাবি করা হয়েছে, ভবন দখলে দলের সভাপতি ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরের সংশ্লিষ্টতার যে তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ অসত্য। তবে ওই প্রতিবাদে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
মানবজমিন-এর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, ভবনটির অধিকাংশ অংশ বর্তমানে যুবঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সারোয়ার সানি নিয়ন্ত্রণ করছেন। এমনকি দলের সভাপতি নুরুল হক নুরের সঙ্গে সারোয়ার সানির ছবিও মানবজমিন-এর হাতে রয়েছে। এছাড়া দখল সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য-প্রমাণ প্রতিবেদনের সপক্ষে সংরক্ষিত আছে। বৃহস্পতিবার নুরুল হক নুর নিজেই মানবজমিনকে জানিয়েছিলেন যে, সারোয়ার সানিকে বহিষ্কার করা হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে বহিষ্কারের কোনো আনুষ্ঠানিক সংবাদ পাওয়া যায়নি।
ভবনটির বৈধ মালিকপক্ষ একাধিকবার নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ করে দখল ছেড়ে দেওয়ার অনুরোধ জানালেও তিনি কোনো সাড়া দেননি। জানা গেছে, ১৯৮০ সালে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে বর্তমান মালিকপক্ষ ভবনটির দখল বুঝে পেয়েছিলেন। এর আগে ভবনটি সিলগালা অবস্থায় ছিল।
এদিকে, গতকাল মতিঝিলের ‘৮১ মতিঝিল’ ভবনটির দখল সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে মানবজমিন-এর তিন সাংবাদিক অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। সেখানে খবর সংগ্রহ করতে যাওয়া রিয়েল টাইম নিউজ নেটওয়ার্ক-আরটিএনএন-এর মোহাম্মদ ইব্রাহিম জানান, তারা ভবনের গেট খোলা পেয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় ভেতরে থাকা চারজনের মধ্যে দু’জন নিচে নেমে গেটে তালা লাগিয়ে দেয় এবং বাকি দু’জন ভেতরে থাকা সাংবাদিকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর তাদের ছেড়ে দেওয়া হয়। অবরুদ্ধ থাকা অবস্থায় বাইরে থাকা দখলদারদের একজন কোনো এক রাজনৈতিক দলের পরিচয়ে থাকা ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছিলেন বলে জানা গেছে।

