সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার পদচ্যুত ইউপি চেয়ারম্যান

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বিস্ফোরক মামলায় তৌহিদুল ইসলাম ফিরোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি ইউনিয়ন পরিষদের পদচ্যুত চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন নেতা। তিনি উল্লাপাড়ার বেতকান্দি গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বেতকান্দি গ্রামে অভিযান চালিয়ে তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করা হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগ পর্যন্ত তৌহিদুল ইসলাম ফিরোজ ওই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অন্যান্যদের মতো তাকেও দায়িত্ব থেকে পদচ্যুত করা হয়। বর্তমানে তাকে বিস্ফোরক মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।