পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি

ডিজিটাল প্রযুক্তিপ্রতিষ্ঠান পাঠাওয়ের প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য নিজেদের কাছে থাকার দাবি করেছে একটি চক্র। সাইবার নিরাপত্তাবিষয়ক প্ল্যাটফর্ম ডেইলি ডার্ক ওয়েব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি সামনে এনেছে এবং ডার্ক ওয়েবে করা ওই পোস্টের একটি স্ক্রিনশটও প্রকাশ করেছে। চক্রটি দাবি করেছে, তাদের কাছে পাঠাওয়ের প্রায় ১৩৩ গিগাবাইট তথ্য রয়েছে, যেখানে প্রায় ২৫ কোটি রেকর্ড এবং ৫৯১টি তথ্যভান্ডার সংরক্ষিত আছে।

চক্রটির দাবি অনুযায়ী, তাদের কাছে থাকা তথ্যের মধ্যে মুঠোফোন নম্বর, ই-মেইল, জাতীয় পরিচয়পত্রের নম্বর, ড্রাইভিং লাইসেন্স, ব্যবহারকারীর অবস্থান, ফেসবুক পরিচিতি ও বাসার ঠিকানা রয়েছে। এছাড়া পাঠাওয়ের অভ্যন্তরীণ ব্যবসায়িক তথ্য, কর্মীদের তথ্য, প্রশাসনিক প্রবেশাধিকারের নথি, ব্যবসায়ীদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য এবং চালকদের যাত্রার নথিও তাদের কাছে আছে বলে তারা জানিয়েছে। এসব তথ্য প্রকাশ না করার বিনিময়ে পাঠাওয়ের কাছে চার লাখ ডলার মুক্তিপণ দাবি করা হয়েছে। অর্থ না দিলে তারা এনআইডি ও প্রশাসনিক তথ্যসহ সব তথ্য ফাঁস করার হুমকি দিয়েছে।

এ বিষয়ে পাঠাওয়ের পক্ষ থেকে বুধবার একটি বিবৃতি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, গত ৪ অক্টোবর সাইবার নিরাপত্তাজনিত একটি ঘটনা শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের কিছু গুরুত্বপূর্ণ সিস্টেম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর ফলে প্ল্যাটফর্মটির বিভিন্ন সেবা বিঘ্নিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার সময় কিছু ব্যক্তিগত তথ্য, যার মধ্যে নাম, ই-মেইল ঠিকানা ও ফোন নম্বর দুর্বৃত্তদের হাতে গেছে বলে তারা জানতে পেরেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিরাপত্তা জোরদারে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সম্পৃক্ত করা হয়েছে।

তবে ডার্ক ওয়েবের ওই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে জানতে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এ বিষয়ে পরামর্শ দিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচিত অবিলম্বে একটি স্বাধীন ডিজিটাল ফরেনসিক তদন্তের ব্যবস্থা করা, সব ডিজিটাল আলামত সংরক্ষণ করা এবং আইন অনুযায়ী কর্তৃপক্ষকে অবহিত করা।

সবচেয়ে বড় তথ্যভান্ডারে ১ কোটি ৯০ লাখ ৬৩ হাজার ৯১৮টি হিসাবের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে।এ ছাড়া ১ কোটি ৯০ লাখের বেশি এনআইডি নম্বর ও মুঠোফোন নম্বর, ১ কোটি ৯০ লাখের বেশি ড্রাইভিং লাইসেন্সের তথ্য, প্রায় ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর ছবি এবং প্রায় ৫৭ লাখ বাসার ঠিকানা থাকার দাবি করা হয়েছে।পাঠাওয়ের অভ্যন্তরীণ ও ব্যবসায়িক তথ্যও