আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁয় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সভায় জেলার সব থানার অফিসার ইনচার্জ (ওসি), আনসার-ভিডিপি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই, ডিজিএফআই, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা বজায় রাখা, যানবাহন চলাচল এবং দর্শনার্থীদের সুরক্ষাসহ স্থানীয় বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম স্পষ্টভাবে জানান, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে তা দমন করবে। তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় বজায় রাখার আহ্বান জানান। এছাড়া কোনো সমস্যা বা অপ্রীতিকর পরিস্থিতির আভাস পাওয়া মাত্রই দ্রুত সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করার জন্য তিনি পরামর্শ দেন।

