নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি স্টিল মিলে ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সংঘটিত এই দুর্ঘটনায় অন্তত চারজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ চার ব্যক্তি হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) এবং আবির (১৯)। বুধবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ জানান, দগ্ধদের মধ্যে সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে। আহতদের মধ্যে সাজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা বর্তমানে চলমান রয়েছে।

