সুইজারল্যান্ডের একজন নাগরিকের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাচারের অভিযোগে করা মামলার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়েছেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি। বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে তিনি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কায়সারের কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য কামনা করেন।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত ওই মামলার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে সহযোগিতা চাইলে তিনি প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতামূলক কার্যক্রম আরও সুদৃঢ় করার বিষয়েও উভয় পক্ষ মতবিনিময় করেন।

