শ্রমিকের অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের মূল অগ্রাধিকার: মাহদী আমিন

বর্তমান সরকারকে শ্রমবান্ধব হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন যে, শ্রমিকদের অধিকার রক্ষা এবং ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন (আইটিইউসি) এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব এম্প্লয়ার্স (আইওই)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি সরকারের শ্রমনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মাহদী আমিন বলেন, সরকার শ্রমিকদের অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন যে, শ্রমিক স্বার্থ রক্ষায় আইটিইউসি ও আইওই-এর মতো আন্তর্জাতিক সংগঠনগুলোর সুচিন্তিত পরামর্শকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং তাদের সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে আগ্রহী। প্রতিটি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ গড়ে তোলা, মালিক-শ্রমিক সম্পর্কের উন্নয়ন, কার্যকর সামাজিক সংলাপ প্রতিষ্ঠা এবং মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

প্রতিনিধি দলের উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, এই সফর এবং ত্রিপক্ষীয় আলোচনা আইএলও রোডম্যাপ বাস্তবায়নে সরকারের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার শ্রমিক কল্যাণ ও উৎপাদনশীল কর্মসংস্থান নিশ্চিতে বদ্ধপরিকর। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সরকার বাংলাদেশ শ্রম আইন যুগোপযোগী করে সংশোধন করেছে। এছাড়া শ্রম অধিকার ও সুরক্ষায় আন্তর্জাতিক মান বজায় রাখতে সম্প্রতি বাংলাদেশ আইএলও কনভেনশন ১৫৫, ১৮৭ এবং ১৮৯ অনুমোদন করেছে। শ্রম প্রশাসনকে শক্তিশালী করা এবং বিরোধ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রেও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের পরবর্তী পরিকল্পনার বিষয়ে তিনি জানান, দ্রুত বাংলাদেশ শ্রম বিধিমালা প্রণয়ন করে সংশোধিত শ্রম আইন কার্যকরভাবে বাস্তবায়ন করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে সরকারের প্রতিটি অঙ্গীকার শ্রমজীবীদের জীবনে দৃশ্যমান উন্নয়নে রূপান্তর করা হবে। বৈঠকে আইটিইউসি এবং আইওই প্রতিনিধি দল বাংলাদেশের শ্রমখাতের সাম্প্রতিক সংস্কারমুখী পদক্ষেপগুলোর প্রশংসা করেন। বিশেষ করে শ্রম আইন সংশোধন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা এবং ন্যায্য মজুরি বাস্তবায়নের উদ্যোগগুলোতে তারা সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলে আইটিইউসির জেনারেল সেক্রেটারি লুক ট্রায়াঙ্গল, আইওইর ভাইস-চেয়ার কাইজার মোয়ানে, আইএলও গভর্নিং বডির সদস্য জেস ভোগট এবং আইএলও’র কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া ইপিজেডের অর্থনৈতিক ভূমিকা ও কর্মসংস্থানের ধারাবাহিকতা রক্ষায় সার্বজনীন আইন ও নীতিমালা বাস্তবায়নের বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।