অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমাজে রিকনসিলিয়েশন বা পুনর্মিলন অত্যন্ত জরুরি। এমনটি না হলে সমাজ গভীরভাবে বিভক্ত থেকে যায়। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর শেষ দিনে ‘ন্যায়বিচার, জবাবদিহি ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক এক অধিবেশনে বক্তারা এসব বিষয় তুলে ধরেন। রাজধানীর একটি হোটেলে সোমবার অনুষ্ঠিত এই অধিবেশনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ আফ্রিকা, কম্বোডিয়া, ভারত ও নেপালের শিক্ষক ও গবেষকেরা অংশ নেন।
অধিবেশনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিশ্বজুড়ে অনেক সময় রিকনসিলিয়েশন প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ একে রাষ্ট্রীয় সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনি পরিণতি থেকে বাঁচানোর রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হয়। তিনি স্পষ্ট করেন যে, বিচারহীন জাতীয় পুনর্মিলন কোনো শান্তি নয়, বরং সংঘাতের মাঝে সাময়িক বিরতি মাত্র। জাতিসংঘের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি জানান, জুলাই গণ-অভ্যুত্থানে ১ হাজার ৬০০ জন প্রাণ হারিয়েছেন, যার ১২ থেকে ১৩ শতাংশই ছিল শিশু। কায়সার কামাল আরও বলেন, সবাই অবগত যে অপশক্তিগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফেরাতে মরিয়া। দুর্ভাগ্যবশত, দেশ-বিদেশের কিছু গোষ্ঠী রিকনসিলিয়েশনের দোহাই দিয়ে তাদের পক্ষে কথা বলছে। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রিকনসিলিয়েশনের কোনো সুযোগ নেই। উল্লেখ্য, জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে ৫ আগস্ট পর্যন্ত ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার প্রাক্কলন করা হয়েছে, যেখানে সরকারি তালিকায় শহীদের সংখ্যা ৮৪৩।
নেপাল ইনস্টিটিউট ফর ইন্টারনেশনাল কো-অপারেশন অ্যান্ড এনগেজমেন্টের গবেষণা পরিচালক প্রমোদ জয়সওয়াল অধিবেশনটি সঞ্চালনা করেন। তিনি বলেন, জবাবদিহিকে অবশ্যই প্রতিশোধ থেকে আলাদা করতে হবে। রিকনসিলিয়েশন মানে অপরাধ ভুলে যাওয়া বা ক্ষমা করা নয়, বরং এমন পরিবেশ তৈরি করা যেখানে মর্যাদা নিয়ে সহাবস্থান সম্ভব এবং সরকারি প্রতিষ্ঠানগুলোতে একে অপরের ওপর আস্থা পুনর্গঠন করা যায়। দক্ষিণ আফ্রিকার উইটস বিশ্ববিদ্যালয়ের গবেষক মাদালিৎসো জিলিলো ফিরি জানান, দক্ষিণ আফ্রিকায় সত্য ও পুনর্মিলন কমিশন একটি নতুন সমাজ গঠনের পূর্বশর্ত ছিল, যদিও তা নিয়ে অনেক সমালোচনা রয়েছে কারণ উদারনৈতিক প্রতিষ্ঠানগুলো সাম্যের সব প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।
কম্বোডিয়ার সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকি সিঙ্গার জানান, ১৯৯৮ সালে কম্বোডিয়ায় জাতীয় পুনর্মিলনের আওতায় খেমার রুজ সৈন্যদের মূল স্রোতে ফিরিয়ে আনা হয়েছিল। তিনি বলেন, ব্যক্তিগত পর্যায়ে অনেক মানুষ অতীতের দোষারোপের চেয়ে ভবিষ্যৎ প্রজন্ম কেমন হবে, সেদিকেই বেশি মনোযোগ দিতে চেয়েছেন। ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারোরি সিং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের স্বেচ্ছাচারিতার বিষয়টি তুলে ধরেন, যা শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে সমস্যার সৃষ্টি করছে।
সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর বলেন, ১৯৭১ সালের অপরাধীরা এখনো অনুতপ্ত নয়, বরং তারা মানবতার বিরুদ্ধে তাদের কর্মকাণ্ডের যৌক্তিকতা প্রমাণে তৎপর। একইভাবে ২০২৪ সালে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের হত্যাকারীদের মধ্যেও কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না। তিনি মনে করেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে তাদের ভুলগুলো বোঝাতে পারলে এবং সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার ভিত্তিতে নতুন যাত্রা শুরু করা সম্ভব।
কারণ, উদারনৈতিক প্রতিষ্ঠান বা গণতান্ত্রিক বন্দোবস্ত সাম্যের সব প্রতিশ্রুতি পূরণ করতে সক্ষম হয়নি।.কম্বোডিয়া গৃহযুদ্ধের শিকার এবং সেখানে রিকনসিলিয়েশনের প্রচেষ্টা ১৯৯১ সালের আগেই শুরু হয়েছিল বলে উল্লেখ করেন দেশটির সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকি সিঙ্গার।

