বাজার তদারকি: ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা করল ভোক্তা অধিদপ্তর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ তদারকি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) অধিদপ্তরের ৪৪টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজারে এই অভিযান পরিচালনা করে। অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিতকরণ এবং নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির বিষয়গুলো কঠোরভাবে যাচাই করা হয়। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ এবং এলপি গ্যাসের অতিরিক্ত দাম আদায় বন্ধ করাই এই তদারকির মূল লক্ষ্য।

অভিযানকালে সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস ডিলার পয়েন্টে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করা, প্রদর্শিত তালিকার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি এবং বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস স্থানান্তর করে ওজনে কারচুপির প্রমাণ পাওয়া গেছে। এ সময় কারচুপিতে ব্যবহৃত পাইপ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিল-স্টিকার জব্দ করা হয়।

তদারকি দলের সদস্যরা ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ এবং পণ্য সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দিয়েছেন। এছাড়া দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন নিশ্চিত করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ফল ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির পাশাপাশি পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি না করতে এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

ভোক্তাদের সচেতন করতে অধিদপ্তর পরামর্শ দিয়েছে, পণ্য কেনার সময় মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন বুঝে নেওয়া এবং পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ দেখে নেওয়ার জন্য। গ্যাস সিলিন্ডার কেনার সময় ওজন, সিল ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা এবং ক্রয়ের রশিদ বা ভাউচার সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে। যেকোনো প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানানোর কথা বলা হয়েছে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।