প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম। বাংলাদেশে আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফরকালে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মেটার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে আলোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে মেটার সরাসরি কার্যালয় চালু হলে ব্যবহারকারীদের সেবা প্রদান আরও কার্যকর হবে। এছাড়া বিভিন্ন অভিযোগ ও জটিলতা নিরসনে প্রতিষ্ঠানটির জবাবদিহি নিশ্চিত করা সহজতর হবে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ফেসবুকের বিপুলসংখ্যক ব্যবহারকারী রয়েছে, তাই ডিজিটাল নিরাপত্তা ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করতে মেটার সরাসরি উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সফরকালে প্রতিনিধিদলটি মেটা ছাড়াও অ্যাপল, এনভিডিয়া ও গুগলসহ ১৫টিরও বেশি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। এসব আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, স্টার্টআপ, ডিজিটাল অবকাঠামো এবং বাংলাদেশে ‘বাংলা এআই’ চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়।
এছাড়া বাংলাদেশে প্রযুক্তিপণ্য উৎপাদন ও ম্যানুফ্যাকচারিং হাব গড়ে তোলা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে এবং অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষরের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর বাতিল নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রীর সেখানে যাওয়ার কোনো পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। বাস্তবভিত্তিক কাজ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রতিনিধিদল পাঠানো হয়েছিল। এ বিষয়ে গণমাধ্যমকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।

