শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে : ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্ব নিরসনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ জানিয়েছেন, জুনে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। রোববার নুরনিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্পিকার ঘালিবাফ বলেন, মার্কিনিরা মিডিয়ার সামনে এক কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তাদের মনে রাখা উচিত যে একপাক্ষিক দাবি জানানো বা প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়ে গেছে। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দৃঢ়।

এর আগে রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে ইরান একটি নতুন প্রস্তাব দিয়েছে। যদি মার্কিনিরা এই প্রস্তাব মেনে নেয়, তবে সাতদিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হবে। বিদেশী দূতদের কাছে মন্ত্রী আরও বলেন, হরমুজ খোলার জন্য ইরান তার শর্তগুলো স্পষ্টভাবে বর্ণনা করেছে এবং যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেগুলো মানতে হবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান আশা করছে যুক্তরাষ্ট্র কূটনীতির পথ বেছে নেবে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা আবারও সামরিক সমাধানের দিকে অগ্রসর হয়, তবে ইরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত রয়েছে এবং নিজেদের রক্ষায় যা করার দরকার তা-ই করবে।

রোববার (৪ অক্টোবর) বার্তাসংস্থা নুরনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।