পুলিশ পরিচয়ে সৌদি প্রবাসীর ১৯ লাখ টাকা ছিনতাই

রাজধানীর গণভবন সংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক সৌদি প্রবাসীর সর্বস্ব ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওমর ফারুক (৩০) দীর্ঘ সাড়ে ছয় বছর সৌদি আরবে কঠোর পরিশ্রম করে উপার্জিত বড় একটি অংশ হারিয়েছেন। শনিবার ভোর ৫টার দিকে শেরেবাংলা নগরের গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যালের কাছে এই অপরাধমূলক ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ওমর ফারুক কেরানীগঞ্জের সুবর্ণপুর গ্রামের দুদু মিয়ার চার সন্তানের মধ্যে সবার ছোট। ২০২০ সালের মার্চ মাসে তিনি জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। পরিবারের অন্যতম ভরসা ফারুক শুক্রবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে নিতে বিমানবন্দরে তার বাবা দুদু মিয়া এবং চাচাতো ভাই আব্দুর রহমান ও দুলাল মিয়া উপস্থিত ছিলেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ১২টা নাগাদ তারা সেখানে অবস্থান করেন এবং গভীর রাতে রাস্তায় ছিনতাইয়ের আশঙ্কায় ভোর পৌনে ৫টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভোর ৫টা ৬ মিনিটের দিকে প্রাইভেটকারটি গণভবন সংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল অতিক্রম করছিল। সেই সময় বামে ইউটার্ন নেয়ার মুহূর্তে পেছন থেকে একটি হায়েস গাড়ি এসে তাদের পথ রোধ করে। গাড়িটি থেকে চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেয়। এরপর তল্লাশির নামে তারা ফারুকের কাছে থাকা ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল এবং প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সব মিলিয়ে ছিনতাই হওয়া মালামালের মূল্য প্রায় ১৯ লাখ টাকা। এই ঘটনায় ভুক্তভোগী ফারুক শেরেবাংলা নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।