জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬ সালের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ, অর্জন ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে দেশের পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, জ্বালানি, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা সংকটসহ নানামুখী আন্তর্জাতিক ইস্যুতে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দিতে হবে।
শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৬-এ বাংলাদেশ: কূটনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও অর্জনের গতিধারা’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়। যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড ইনিশেইটিভস (বিসিএআই) ও সিটিজেনস’ ফোরাম, বাংলাদেশ (সিএফবি)। দেশের কূটনীতি ও পররাষ্ট্রনীতি নিয়ে গঠনমূলক আলোচনা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিন ড. সাখাওয়াত হোসেন সায়ান্থ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি মূলত দুটি পর্বে বিভক্ত ছিল। এরপর সভাপতির বক্তব্য, অতিথি পরিচিতি এবং সবশেষে একটি উন্মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এই উন্মুক্ত আলোচনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সম্পাদক, সাবেক কূটনীতিক এবং একজন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অংশ নেন। তারা জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের কণ্ঠস্বর আরও জোরালো করার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার সূত্রপাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর হাবিব বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির দিকে অগ্রসর হয়েছে। এ কারণে জ্বালানি, বিনিয়োগ, জলবায়ু ও রোহিঙ্গা সংকটের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম তার বক্তব্যে বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পর জাতিসংঘের মতো একটি বৈশ্বিক ফোরামে বাংলাদেশের প্রকৃত চিত্র তুলে ধরা বেশ বড় একটি চ্যালেঞ্জ ছিল। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো তথ্য গোপন না করে অত্যন্ত সাহসের সাথে দেশের বাস্তব চিত্র ও শান্তির বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন।
গোলটেবিল আলোচনায় রোহিঙ্গা সংকট নিয়ে ব্যাপক আলোচনা হয়। বেশ কয়েকজন বক্তা এই সংকটকে কেবল জাতীয় সমস্যা নয়, বরং একটি বড় অর্থনৈতিক সমস্যা হিসেবেও চিহ্নিত করেন। তারা রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই উপায়ে মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দর-কষাকষির সক্ষমতা বৃদ্ধির তাগিদ দেন。
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. বুলবুল সিদ্দিকী সাধারণ পরিষদে বাংলাদেশের দৃশ্যমানতাকে একটি চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে বলেন, অতীতে আমরা একটি ছোট রাষ্ট্র হিসেবে জাতিসংঘে অংশ নিয়েছি। তবে এবার আমরা বিশ্বদরবারে নিজেদের বক্তব্য ও অবস্থান অত্যন্ত সফলভাবে উপস্থাপন করতে পেরেছি।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর নিয়ে বলেন, সফরকালে প্রধানমন্ত্রী বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেন, বিশেষ করে জ্বালানি খাতে বাংলাদেশ আগামী দিনে একটি বড় বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠতে পারে।
বৈঠকে কৌশলগত স্বায়ত্তশাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং চতুর্থ শিল্পবিপ্লবের মতো সমসাময়িক বিষয়গুলোও আলোচনায় স্থান পায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. কামরুল আহসান বলেন, শক্তি প্রদর্শনের পথে না হেঁটে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের নিজস্ব সক্ষমতা গড়ে তোলা উচিত।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ল-এর সহকারী অধ্যাপক মো. মোস্তফা হোসাইন জাতিসংঘে রোহিঙ্গা সংকট, ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং জলবায়ু পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে অভিহিত করেন। তিনি আন্তর্জাতিক বিচারিক আদালতগুলোতে বাংলাদেশের আরও সক্রিয় আইনি ভূমিকা পালনের আহ্বান জানান।
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের প্রভাষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, একটি ছোট রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সবসময় বহুপাক্ষিকতার ওপর জোর দিয়ে এসেছে। তিনি ব্রিকসসহ বিভিন্ন আন্তর্জাতিক জোট ও সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পরামর্শ দেন এবং রোহিঙ্গা সংকটকে একটি অর্থনৈতিক সমস্যা হিসেবে উল্লেখ করে এ ক্ষেত্রে বাংলাদেশের দর-কষাকষির ক্ষমতা বাড়ানোর তাগিদ দেন।
গোলটেবিলে বক্তারা চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন এবং এ বিষয়ে আগেভাগে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা বলেন। বিশেষ করে ব্লু ইকোনমি ও তিস্তা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক খাতে চীনের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও তাদের আলোচনায় উঠে আসে।
গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন ঢাকা স্ট্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ইউসুফ হায়দার, সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এমন একটি বহুমাত্রিক ও তথ্যসমৃদ্ধ আলোচনার জন্য উপস্থিত সকল বক্তা ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

