যমুনার চরে কাশফুলের সমারোহে পড়ন্ত বিকেলে দর্শনার্থীদের ভিড়

সিরাজগঞ্জের যমুনা নদীর চরাঞ্চল এখন সাদা কাশফুলে ছেয়ে গেছে। শরতের এই অনন্য সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন পড়ন্ত বিকেলে দর্শনার্থীরা ভিড় করছেন নদীর তীর ও জেগে ওঠা চরে। বিশেষ করে কাজিপুর, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে কাশফুলের এই সমারোহ বেশি চোখে পড়ছে। যেদিকেই চোখ যায়, দিগন্তজুড়ে সাদা কাশফুলের হাতছানি ভ্রমণপিপাসুদের মুগ্ধ করছে।

দর্শনার্থীরা সিরাজগঞ্জ পৌর এলাকার ৩ নম্বর চাইনা বাঁধ, কাজিপুরের মেঘাই নৌবন্দর, তেকানি বাঁধ এবং শহীদ এম মনসুর আলী ইকোপার্কসহ নদীর বিভিন্ন পয়েন্টে সময় কাটাচ্ছেন। অনেকে নৌকা ভ্রমণের পাশাপাশি কাশফুলের সঙ্গে ছবি ও সেলফি তুলছেন। তরুণ-তরুণীরাও এই কাশফুলকে সাক্ষী রেখে নিজেদের ভালোলাগার মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশফুলের ছবি শেয়ার করে প্রকৃতির এই রূপের প্রশংসা করছেন।

যমুনার চরাঞ্চল এখন স্থানীয়দের জন্য একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্য ও শীতল বাতাস উপভোগ করতে আসা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জনসমাগম বেড়ে যাওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে যমুনার পাড়সহ বিভিন্ন স্থানে পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান এবং কাজিপুর থানার ওসি আব্দুর রাজ্জাক। তারা জানান, কাশফুলের সৌন্দর্য দেখতে আসা মানুষের ভিড় সামলাতে এবং নিরাপত্তা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।