ক্যাম্প ডেভিডে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দলের গোপন বৈঠক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং ইয়েমেনে সৌদি-হুথি সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি রুদ্ধদ্বার বৈঠক করেছেন। শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত এই বৈঠকটি আগে থেকে পূর্বনির্ধারিত ছিল না বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

তিনজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টাব্যাপী এই গোপন বৈঠকে সভাপতিত্ব করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।

বৈঠকের বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনার পাশাপাশি বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।

ইরানের সঙ্গে আলোচনা স্থবির হয়ে পড়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে বড় পরিসরে সামরিক অভিযান পুনরায় শুরু করার বিষয়টি বিবেচনা করছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, পেন্টাগন মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ এবং অতিরিক্ত মেরিন সেনাসদস্য পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছে। এই পরিকল্পনার আওতায় সর্বোচ্চ ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন হতে পারে।

মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছিলেন যে, কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে নভেম্বরের শুরুতে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে পুনরায় হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারেন তিনি।