রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম নিয়ে ঢাকায় আসছে বিশেষ বিমান

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানিবাহী একটি বিমান রাশিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। শুক্রবার বিকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বালানিবাহী বিমানটি ইতিমধ্যে রাশিয়া থেকে যাত্রা শুরু করেছে এবং ভারতে বিরতি নিয়ে এটি ঢাকায় পৌঁছাবে।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইউরেনিয়ামবাহী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। মন্ত্রী জানান, বিমানবন্দরে পৌঁছানোর পর ইউরেনিয়াম রূপপুরে নিয়ে যাওয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় সম্পন্ন হবে।

আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুরের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আসবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান বাংলাদেশে পৌঁছাবে। উল্লেখ্য, ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি এসেছিল এবং চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।