ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী প্রজেক্ট এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে চার লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সকালে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম খোরশেদ আলম।
ভুক্তভোগী ব্যবসায়ী খোরশেদ আলম জানান, তিনি টাকা নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাগাজী যাচ্ছিলেন। পথে মুহুরী প্রজেক্ট এলাকায় পৌঁছালে গাল কাটা আফসার, কথিত জলদস্যু শাহীন ও মাসুদসহ তিন-চারজন তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের সময় তাকে মারধরও করা হয় বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আফসার ও শাহীন স্থানীয় যুবদলের কর্মী এবং তাদের বিরুদ্ধে এলাকায় একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, এ ঘটনায় মাসুদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

