মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকে মন দিলেন সামিরা মাহি

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কের নানা জটিলতা ও ঝামেলার কথা তুলে ধরে রোবটের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রোবটের ভিডিও শেয়ার করে তিনি এ বিষয়ে একটি রসাত্মক মন্তব্য করেছেন।

ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।’ অভিনেত্রীর এই ছোট্ট মন্তব্যটি মুহূর্তেই তার ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। তবে এই মন্তব্যের পেছনে তিনি নিছক মজা করেছেন নাকি অন্য কোনো ইঙ্গিত লুকিয়ে আছে, তা তিনি স্পষ্ট করেননি। এমনকি পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সম্পর্কের কথাও উল্লেখ করেননি এই অভিনেত্রী।

মাহির এই পোস্টের কমেন্ট বক্সে ভক্তরা নানা মজার প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রীর কথার সঙ্গে একমত পোষণ করে একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’ নেটিজেনদের এমন সব মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ মজার একটি আবহ তৈরি হয়েছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় থাকেন সামিরা খান মাহি। নিজের নানা অনুভূতি, ভাবনা ও কাজের খবর তিনি নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। ২০১৪ সালে একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মাহি পরবর্তী সময়ে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন।