নতুন সিনেমার শুটিংয়ের আগের রাতে এখনো ঘুমাতে পারেন না মিমি

সৃজিত মুখার্জির পরিচালনায় আসন্ন দুর্গাপূজায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। এই চলচ্চিত্রে আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এর আগেও ‘রক্তবীজ’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন, তবে নতুন এই সিনেমায় তারা দুজনই তরুণ বিপ্লবীর চরিত্রে অভিনয় করছেন। বিপ্লবী চরিত্রের মূল বৈশিষ্ট্য হলো মনে কোনো ভয় না থাকা এবং সাহসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু সিনেমার প্রচারণায় অংশ নিয়ে মিমি চক্রবর্তী এমন একটি ভয়ের কথা সামনে এনেছেন, যা এতদিন তিনি গোপন রেখেছিলেন।

এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানিয়েছেন যে, টালিউড ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে কাজ করার পরেও নতুন কোনো সিনেমার শুটিং শুরুর আগের রাতে তিনি এখনো ঠিকমতো ঘুমাতে পারেন না। এই অস্থিরতা মূলত নতুন কাজ শুরুর আগের মানসিক চাপ থেকে তৈরি হয়। নিজের এই অজানা ভয় কাটিয়ে ওঠার জন্য তিনি একটি কৌশল অবলম্বন করেন। শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের অন্তত ১৫ মিনিট আগেই তিনি ফ্লোরে পৌঁছে যান। সেটে কারা রয়েছেন এবং সবাই কীভাবে কাজ করছেন, তা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেন।

এদিকে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটিতেও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়কে। এই সিনেমায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন টোটা রায় চৌধুরী এবং একই সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পথের দাবী’র সব্যসাচী চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায়।