মাগুরায় এক আবাসিক গ্রাহকের নামে ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার অস্বাভাবিক ও অবাস্তব বিল ইস্যু করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ঘটনাটি ঘটে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোসা. আলেয়া খাতুনের বিদ্যুৎ সংযোগে। গত সেপ্টেম্বর মাসে ইস্যু করা ওই বিলে দেখা যায়, ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৪৭২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা ডিমান্ড চার্জ এবং ভ্যাটসহ মোট বিল দাঁড়ায় ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা। বিলে বিলম্ব মাশুলসহ মোট অংক ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা উল্লেখ করা হয়। অথচ গ্রাহকের প্রকৃত বিল হওয়ার কথা ছিল মাত্র ১ হাজার ৯৬৩ টাকা।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। বুধবার সকালে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ভুক্তভোগী গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক অসাবধানতাবশত সিল নম্বরের অংকগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হওয়ার কারণে এই অবিশ্বাস্য ভুতুড়ে বিলটি তৈরি হয়েছিল।
এ বিষয়ে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রেজাউল করিম জানান, বিলটি ইতিমধ্যে সংশোধন করে গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। বরখাস্ত জিএম মো. মহিতুল ইসলাম এটিকে 'টাইপিং মিসটেক' হিসেবে অভিহিত করে জানিয়েছেন যে গ্রাহক ইতিমধ্যে বিল পরিশোধ করেছেন। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ প্রসঙ্গে বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে বদ্ধপরিকর এবং জনগণের দুর্ভোগ লাঘবে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে।

