মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদকে কেন্দ্র করে বড় ধরনের অরাজকতা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে হোপ মার্কেট ও বায়তুল কুদ্দুস জামে মসজিদ মার্কেট এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা উচ্ছেদ অভিযানে গেলে হকাররা অতর্কিত হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে বিদ্যুতের তার ছিঁড়ে স্থানীয় কয়েকটি দোকানে আগুন ধরে গেলে হকাররা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় তারা লাঠিসোটা নিয়ে পুলিশ ও ডিএনসিসি কর্মীদের ধাওয়া দেয় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

হামলার এক পর্যায়ে হকাররা ডিএনসিসি'র তিনটি গাড়ি, পুলিশের একটি গাড়ি ও একটি ট্রাফিক বক্স ভাঙচুর করে। এছাড়া সিটি করপোরেশনের একটি বর্জ্যবাহী গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য এবং দায়িত্ব পালনরত সাংবাদিক আহত হন। হামলার সময় গণমাধ্যমকর্মীদের ওপরও চড়াও হয় হকাররা; সমকালের আলোকচিত্রী মাহবুব হোসেন নবীন, সময় টিভি'র ক্যামেরাম্যান সিফাত এবং প্রথম আলোর আলোকচিত্রী সাজিদ হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিক শারীরিক লাঞ্ছনা ও ক্যামেরা ভাঙচুরের শিকার হন। পথচারীদের মোবাইল ফোন ভেঙে ফেলার মতো ঘটনাও ঘটেছে। পরে পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নেভায়।

ঘটনার পরপরই ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, উচ্ছেদ অভিযানে হামলা ও অরাজকতা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেয়া হবে না এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ফ্যাসিজমের দোসরদের ইন্ধনে এই হামলা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এদিকে স্থানীয় সংসদ সদস্য ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই ঘটনায় সমন্বয়ের অভাবের কথা উল্লেখ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

ডিএমপি'র মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আবুল বাসার মোল্ল্যা জানিয়েছেন, এ ঘটনায় চারটি মামলার প্রস্তুতি চলছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও বিশ্লেষণ করে পুলিশ এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে আটক করেছে। হামলার ঘটনার পর দুপুর ২টার দিকে ডিএনসিসি পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে, যা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিল এবং এতে প্রায় ৫০টি দোকান উচ্ছেদ করা হয়। অভিযানের পর ফুটপাত দখলমুক্ত থাকায় পথচারীরা স্বস্তি প্রকাশ করলেও বিকাল ৪টার দিকে পুনরায় কিছু ভ্রাম্যমাণ দোকান বসতে দেখা যায়।