প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পিএম। প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান, প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ উপলক্ষ্যে বুধবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দীর্ঘায়ুর যুগ: দীর্ঘ জীবন নিশ্চিত করতে ব্যবস্থাপনায় নতুন ভাবনা’।

প্রধানমন্ত্রী তার বাণীতে উল্লেখ করেন, চিকিৎসাবিজ্ঞানের উন্নতি ও স্বাস্থ্যসচেতনতার ফলে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের গড় আয়ু বাড়ছে। এই দীর্ঘায়ু মানুষের জন্য যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি তাদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ব্যবস্থাকে সময়োপযোগী করার প্রয়োজনীয়তাও সামনে নিয়ে আসছে। একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে সরকার প্রবীণদের স্বার্থরক্ষায় সচেতন ও সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত কল্যাণমুখী রাষ্ট্রের ধারণার আলোকে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা শক্তিশালী করতে কাজ করছে। প্রবীণদের অবহেলা না করে তাদের সুস্বাস্থ্য বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রাখা এবং সামাজিক সুরক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করার লক্ষ্যে বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। দেশের প্রবীণ জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বয়স্ক ভাতার পরিমাণ ও উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

পরিবার ও সমাজের ভিত্তি হিসেবে প্রবীণদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের ত্যাগ ও প্রজ্ঞার ওপর দাঁড়িয়েই আজকের বাংলাদেশ। তাই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়তে প্রবীণদের প্রতি যত্নশীল হওয়া অপরিহার্য। পরিবার, সমাজ ও রাষ্ট্র—এই তিন স্তরেই তাদের প্রতি সম্মান ও দায়িত্বশীলতার চর্চা জরুরি। সরকার প্রবীণদের স্বার্থরক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তবে তিনি বিশ্বাস করেন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় থাকলে সমাজে প্রবীণদের মর্যাদা আরও সুসংহত থাকবে।

সবশেষে, আন্তর্জাতিক প্রবীণ দিবসে দেশের সকল প্রবীণ নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের লক্ষ্য এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, যেখানে প্রতিটি মানুষ তার সর্বোচ্চ সম্ভাবনাকে কাজে লাগিয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে। তিনি ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬-এর সার্বিক সফলতা কামনা করেন।