যৌতুক প্রথা, এর কারণে নারীর প্রতি সহিংসতা এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রতিবাদের বার্তা নিয়ে নতুন একটি গান প্রকাশিত হয়েছে। ‘যৌতুক’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমনূর মনির কোনাল ও রাফসান। গানটির কথা লিখেছেন গীতিকবি মাহবুবুল খালিদ এবং সুর করেছেন প্রয়াত কিংবদন্তি সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল।
গীতিকার মাহবুবুল খালিদ তার গানে যৌতুককে একটি ব্যাধি, যন্ত্রণা ও অভিশাপ হিসেবে তুলে ধরেছেন। গানটিতে যৌতুকের লোভে নারীর ওপর নির্যাতন, অ্যাসিড-সন্ত্রাস এবং সুখের সংসার কীভাবে দুঃসহ জীবনে পরিণত হয়, সেই করুণ চিত্র ফুটে উঠেছে। পাশাপাশি, অন্যায়ের কাছে মাথা নত না করে প্রতিবাদ করার আহ্বান জানানো হয়েছে। গানের কথায় বলা হয়েছে, ‘যৌতুক ব্যাধি যৌতুক যন্ত্রণা/ যৌতুক অভিশাপ/ সইবো না আর যৌতুকের জ্বালা/ যৌতুক অপরাধ।’
গানের অন্য একটি অংশে ছেলে ও মেয়ের মধ্যে কোনো ভেদাভেদ না করে তাদের শিক্ষিত ও স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়েছে। গীতিকারের মতে, শিক্ষা ও আত্মনির্ভরতাই সামাজিক অন্যায় প্রতিরোধের প্রধান শক্তি। গানটি বর্তমানে ‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং নিজস্ব ওয়েবসাইটে শোনা যাচ্ছে।
গীতিকবি মাহবুবুল খালিদ তার শিল্পচর্চায় সবসময়ই নির্যাতিত ও অবহেলিত মানুষের পক্ষে কথা বলেছেন। এর আগেও তিনি নানা সামাজিক ও মর্মস্পর্শী ঘটনা নিয়ে গান লিখেছেন। এর মধ্যে মিরপুরের গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, সীমান্ত হত্যা নিয়ে ‘ফেলানীরে করল গুলি’ এবং মাগুরার শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ উল্লেখযোগ্য। ‘মাগুরার ফুল’ গানটির জন্য তিনি বাইফা অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন। এছাড়া সম্প্রতি তার লেখা ‘রামিসার বিচার’ শিরোনামের আরেকটি গানও প্রকাশিত হয়েছে।

