হয়তো সময় ছিল না, তাই কিছু স্মৃতি রেখে যাওয়ার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি। আজও আমি সেই স্মৃতিটুকুর অপেক্ষায় প্রহর গুনছি।
তোমার জীবন এখন ভীষণ ব্যস্ততায় ঘেরা। ঘরের কোথায় কী গুছিয়ে রাখবে, ভেজা কাপড়গুলো শুকোলো কি না, কিংবা ভাত গলে গেল কি না—এইসব টুকিটাকি কাজে তুমি মগ্ন। তোমার এই ব্যস্ততার মাঝে জানালার পর্দা থেকে শুরু করে দেয়ালের রঙ মেলানো, শোপিসের তালিকা বা নতুন নতুন রান্নার পদ সাজানোর এক অন্তহীন প্রতিযোগিতা চলছে। কিন্তু এই জীবন সাজানোর ভিড়ে তুমি নিজের কিছু স্মৃতি রেখে যাওয়ার কথা হয়তো ভুলেই গেছ।
নতুন মানুষ, তাদের ভাবনা আর নানা বিষয় নিয়ে তুমি সারাক্ষণ ব্যস্ত। জানি, তোমার এই ব্যস্ততার জগতে পথিক হওয়ার মতো কোনো জায়গা নেই। তবুও জানতে ইচ্ছে করে, রাতের ক্লান্তির অবসরে কখনো কি আমার কথা মনে পড়ে? চুপিসারে কি কখনো আমার স্মৃতি তোমার ভাবনায় উঁকি দেয়?

