গাইবান্ধায় মাদকের টাকা জোগাড় করতে নিজের ১৩ মাস বয়সী কন্যাসন্তানকে ৩১ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। ঘটনার প্রায় দুই মাস পর অভিযান চালিয়ে অবশেষে শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির বাবা হামিদুল ইসলামসহ চারজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—সাদুল্লাপুর উপজেলার মন্দুয়ার গ্রামের হামিদুল ইসলাম (৩৩), গাইবান্ধা সদর উপজেলার কোমরপুর গ্রামের বাস হেলপার আব্দুল মজিদ সরকার (৩৬), ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া গ্রামের মোর্শেদা খাতুন (৪৫) ও একই গ্রামের জেসমিন আক্তার (২৮)। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।
পুলিশ সুপার জানান, রোববার (২০ সেপ্টেম্বর) গাইবান্ধা ও রংপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। ওই দিন সকালে প্রথমে সাদুল্লাপুরের সারবাজার এলাকা থেকে হামিদুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর ছোট ওমরপুর এলাকায় অভিযান চালিয়ে বাস হেলপার আব্দুল মজিদ সরকারকে আটক করা হয়। এরপর ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোর্শেদা খাতুনকে আটক করা হয়। মোর্শেদার দেওয়া তথ্যের ভিত্তিতে ফুলছড়ির মদনেরপাড়া ছলের মোড় এলাকায় সোলেমান চৌকিদারের বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকা শিশু ফাতেমা আক্তার জান্নাতকে উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুটিকে ৩১ হাজার টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছিল। তবে হামিদুল ওই টাকার পুরোটা পেয়েছিলেন কি না, তা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। যদিও শিশুটির পরিবারের দাবি, হামিদুল বিক্রির পুরো ৩১ হাজার টাকাই পেয়েছিলেন।
শিশুটির মা রুমানা খাতুনের অভিযোগ, সন্তানকে নিয়ে যাওয়ার দুই দিন পর হামিদুল ফোন করে মেয়েকে ফেরত দেওয়ার বিনিময়ে ১০ হাজার টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন তিনি। দরিদ্র পরিবারের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব না হওয়ায় একপর্যায়ে হামিদুলের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে হামিদুলের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মাদকের টাকা জোগাড় করা নিয়ে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন হামিদুল। সন্তান জন্মের পর পরিস্থিতির আরও অবনতি হলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান রুমানা। গত ১৭ জুলাই জুস কিনে দেওয়ার কথা বলে ১১ মাস বয়সী মেয়ে ফাতেমাকে কোলে নিয়ে বাড়ি থেকে বের হন হামিদুল। এরপর বাবা ও সন্তান আর বাড়িতে ফেরেননি। গাইবান্ধা পৌর শহরের দক্ষিণ ধানঘড়া এলাকায় মেয়ের ফেরার অপেক্ষায় দিন পার করছিলেন মা রুমানা। পরিবারের অভিযোগ, মাদকের টাকা জোগাড় করতেই হামিদুল কৌশলে শিশুটিকে নিয়ে যান।
পরবর্তীতে শিশুটিকে উদ্ধারের জন্য মা রুমানা খাতুন আদালতে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে গত ২৭ আগস্ট হামিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে পুলিশ।
গাইবান্ধা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, শিশুটিকে উদ্ধারের জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালতের নির্দেশনার পর নানা চেষ্টা চালিয়ে অবশেষে অভিযান পরিচালনা করে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কীভাবে শিশুটিকে বিক্রি করা হয়েছিল, তা বিশদভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার জসিম উদ্দিন জানান, শিশুটিকে উদ্ধারের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শিশুটিকে কোথায়, কীভাবে ও কার মাধ্যমে বিক্রি করা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

