বাংলা সাহিত্যের অন্যতম চিন্তক, লেখক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের জীবন ও কর্ম নিয়ে লেখা নতুন বই 'আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা'র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে রাজধানীর দ্য ডেইলি স্টার মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচকরা সমসাময়িক প্রেক্ষাপটে তাঁর চিন্তাধারার গুরুত্ব তুলে ধরেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত এই বইটির রচয়িতা শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোচনা মজুমদার।
অনুষ্ঠানে লেখক রোচনা মজুমদার জানান, তিনি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে আবুল মনসুর আহমদকে অনুসন্ধানের চেষ্টা করেছেন। তিনি বলেন, আবুল মনসুর আহমদের রচনায় ভাষার নিরীক্ষা ও চিন্তার গভীরতা রয়েছে। তাঁর লক্ষ্য ছিল এই চিন্তাবিদকে যেন ইংরেজিভাষী পাঠকদের কাছেও তুলে ধরা যায়।
বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, আবুল মনসুর আহমদ বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নিতেন এবং তাঁর চিন্তাশক্তি ছিল অসাধারণ। প্রমিত বাংলা ভাষার মধ্যে পূর্ব বাংলার ভাষার হিস্যা কম থাকা নিয়ে তিনি যে ভাষাসংস্কৃতির প্রস্তাব দিয়েছিলেন, তা তৎকালীন সময়ে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তৈমুর রেজা বলেন, বইটিতে আবুল মনসুর আহমদের চিন্তাকে বৈশ্বিক প্রেক্ষাপটে উপস্থাপন করা হয়েছে। তাঁর মতে, পূর্ব বাংলার মুসলমানদের জন্য কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং 'কালচারাল অটনমি' বা সাংস্কৃতিক স্বাধীনতা অর্জনই ছিল প্রকৃত মুক্তি।
প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির স্বাতন্ত্র্য বোঝার জন্য আবুল মনসুর আহমদকে পাঠ করা জরুরি। তিনি আরও বলেন, রাজনৈতিক ইতিহাসের পাশাপাশি সাংস্কৃতিক ইতিহাসের এই ধারাটি বোঝা প্রয়োজন।
প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জানান, প্রথমা প্রকাশন থেকে গবেষণামূলক ও মননশীল বই প্রকাশের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে নতুন চিন্তার সূত্রপাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে। দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, রোচনা মজুমদার কেবল অনুবাদক হিসেবে নয়, একজন গবেষক হিসেবে এই কাজটি করেছেন এবং তিনি লেখকের পরিবার ও জন্মস্থান সরেজমিনে পরিদর্শন করেছেন।

