জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রার্থীদের ডোপ টেস্ট কেন বাধ্যতামূলক করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, ডোপ টেস্টে রিপোর্ট ‘পজিটিভ’ হলে বা পরীক্ষায় অস্বীকৃতি জানালে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান রেখে আইন, বিধি ও নির্দেশিকা সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এক রিট মামলার প্রাথমিক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ১৬ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি বিবাদীদের বরাবর আইনি নোটিস পাঠিয়েছিলেন। নোটিসের জবাব না পাওয়ায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে জনস্বার্থে তিনি এই রিট আবেদন করেন।
আবেদনে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন না হওয়া পর্যন্ত আসন্ন সব নির্বাচন স্থগিত করার নির্দেশনাও চাওয়া হয়েছিল। আইনজীবী ইসরাত জাহান অনি জানান, আদালত কেবল রুল জারি করেছেন। তিনি বলেন, নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের স্বীকৃত মেডিকেল ও ল্যাবরেটরি থেকে ডোপ টেস্ট করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার বিধান নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালায় যুক্ত করার জন্যই এই রিট মামলাটি করা হয়েছে।
জনপ্রতিনিধিদের সুস্থ মানসিক অবস্থা থাকা অত্যন্ত জরুরি উল্লেখ করে আইনজীবী অনি আরও বলেন, একজন করদাতা হিসেবে তিনি চান, এমপি, চেয়ারম্যান বা মেম্বাররা সুস্থ মানসিকতার মানুষ হোক। তিনি বলেন, মাদক ‘মহামারী’ আকার ধারণ করায় জনপ্রতিনিধিদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। মাদকাসক্ত ব্যক্তি জনপ্রতিনিধিত্বের নৈতিকতা ও যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন না বলেও রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান ও আইন মেনে চলা প্রতিটি নাগরিক ও সরকারি কর্মচারীর কর্তব্য। সরকারি চাকরিজীবী ও চালকদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক হলেও আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিদের এর আওতার বাইরে রাখা সংবিধানের ওই অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। তবে আইনজীবী অনি স্পষ্ট করেন, নির্বাচিত হওয়ার পর কোনো জনপ্রতিনিধি মাদক গ্রহণে জড়িত হলে বিদ্যমান আইনেই তার শাস্তির ব্যবস্থা রয়েছে।

