নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কিছু করে দেখান: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান মুক্তাদির

স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইউটিউবার সালমান মুক্তাদির বলেছেন, তাঁকে কোনো ক্ষতিপূরণ দিতে হবে না এবং তিনি নিজেই ঘুরে দাঁড়াতে পারবেন। তবে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি মনে করেন, নিরাপত্তা নিশ্চিত না হলে দেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। আজ রোববার বিকেলে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সালমান মুক্তাদির বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পারলে কিছু করে দেখান। তাঁকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর কোনো প্রয়োজন নেই। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, গতকাল রাতে স্টুডিওতে হামলার পর মামলা করতে গিয়ে তিনি ভোর চারটা পর্যন্ত থানায় অপেক্ষা করেছেন, কিন্তু মামলা নেওয়া হয়নি। অথচ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিংয়ে মামলা না হওয়ার কথা বলেছেন। সালমান প্রশ্ন রাখেন, ভিডিও ভাইরাল হওয়ার আগে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আসার আগে মামলা কেন নেওয়া হলো না। তিনি লোকজন নিয়ে চারটা পর্যন্ত বসে থাকার পরও মামলা করতে না পারার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

সালমান মুক্তাদির বলেন, আপনার এত বড় দায়িত্ব থেকে আপনি যখন বললেন সালমান মুক্তাদির মামলা করেন নাই, তখন বিষয়টি হাস্যকর হয়ে দাঁড়ায়। তিনি আরও বলেন, ক্যান্টনমেন্ট থানায় রাত চারটা পর্যন্ত অপেক্ষা করার পরও মামলা নেওয়া হয়নি। দেশবাসীকে আপনারই জবাব দিতে হবে কেন আপনার অধীনে মামলা দায়ের করা হয়নি। এ প্রসঙ্গে ক্যান্টনমেন্ট থানার ওসি মো. গিয়াস উদ্দিন রাতে প্রথম আলোকে জানান, আজ রোববার সকাল সাড়ে আটটায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও বার্তায় সালমান আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনার অধীনে থাকা থানা বা প্রশাসন আপনার নির্দেশেই চলে। মামলা দায়ের হওয়ার পরও আপনি তা জানেন না, এটি আপনার বিচ্ছিন্নতার প্রমাণ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনার কাছে কোনো আপডেট নেই। আপনি আপনার দেশের নাগরিকদের নিরাপত্তা প্রোটোকল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন।

বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগকে স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ঢালাও ও বিতর্কিত’ মন্তব্য করার বিষয়ে সালমান মুক্তাদির বলেন, আমরা এখানে ইনভেস্টিগেশনের জন্য আসিনি, এসেছি অ্যাকশনের জন্য। তিনি দাবি করেন, ঘটনাস্থল থেকে আটক তিনজন বিএনপির নাম বলেছে। তাদের কাছ থেকে বন্দুক, চাপাতি ও কোদালসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, আপনি কি বিএনপির পিয়ার ম্যানেজমেন্ট ক্রাইসিসের দায়িত্ব নিয়েছেন, নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন?

পরিশেষে সালমান মুক্তাদির বলেন, আমি কারও কাছ থেকে ভিক্ষা চাই না। আমার স্টুডিও বানিয়ে দিতে হবে না। আমি যথেষ্ট শক্তিশালী। যদি আপনারা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তবে তা হবে আমার ক্ষতি। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান, যদি সত্যিই কিছু করতে চান, তবে বাংলাদেশের মানুষের জন্য কিছু করে দেখান।