রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও প্রধান কার্যালয় বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তবে তিনি জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত স্পিকারের বাসভবনে অবস্থান করবেন। শনিবার (২৫ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন (বীর বিক্রম)।
এর আগে শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকেই জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসভবন ও এর চারপাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এর আগে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। সংবিধান অনুযায়ী, স্পিকার হিসেবে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর রোববার (২৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন হাফিজ উদ্দিন আহমদ। একই দিনে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কর্মসূচির বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রোববার বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।

