নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ লিটনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ জাকির আল আহসান।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাসির আহমেদ লিটন (৫০)
সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও তালবাগ এলাকার বাসিন্দা হোসেন আলীর ছেলে। তিনি সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
লিটনের বিরুদ্ধে ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানীর ধানমন্ডি থানায় জাল জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের হয়। এ সময় ওই মামলায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ ৮ বছর আইনি প্রক্রিয়া শেষে জাল জালিয়াতি ও প্রতারণার সাথে যুক্ত প্রমাণিত হওয়ায় ২০২৫ সালে ঢাকা মহানগর চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত লিটনের তিন বছর সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
তিনি আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকে তাকে ধরতে নজরদারি ও তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর থানাধীন পাইকপাড়া এলাকায় তার অবস্থান জানতে পেরে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একদফা আন্দোলন চলাকালীন সময় সাভারে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণে সক্রিয়ভাবে অংশ নেন নাসির আহমেদ লিটন।
ঘটনার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে ভুক্তভোগীরা অন্তত ১০টি হত্যা মামলা দায়ের করেন। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পরিস্থিতি স্বাভাবিক মনে করে মাঝে মধ্যেই এলাকায় ফিরে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তিনি।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, “নাসির আহমেদ লিটনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া ১০ টি হত্যা মামলাসহ রাজধানীর ধানমন্ডি থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।”
প্রসঙ্গত, গত জুলাই মাসসহ ৪ ও ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে ছাত্র-জনতা জমায়েত হলে তৎকালীন দণ্ডপ্রাপ্ত পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী পতিত উপজেলা চেয়ারম্যান ও নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং দণ্ডপ্রাপ্ত ঢাকা-১৯ আসনের পতিত সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে। এতে সাভার-আশুলিয়ায় শতাধিক ছাত্র-জনতা শহিদ হন এবং অসংখ্য মানুষ চিরতরে পঙ্গুত্ববরণ করেন।

