টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান ফারুক হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। একই সাথে আদালত অপর চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস প্রদান করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ এবং শাহজাহান। আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন, যা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত এই তিন আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. সুজন, ছানোয়ার হোসেন, শফিকুল ইসলাম ও রুজবেল। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সুজন ও ছানোয়ার বর্তমানে কারাগারে থাকলেও শফিকুল ও রুজবেল পলাতক রয়েছেন। এছাড়া মামলার অপর আসামি সঞ্জিত ঘোষকে আদালত খালাস দিয়েছেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোরে টাঙ্গাইল সদর উপজেলার আকুরটাকুর বটতলা বাজার এলাকায় রফিকুল ইসলাম ফারুক হোসেনকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। বাদীপক্ষের নারাজি আবেদনের পর আদালতের নির্দেশে সিআইডি মামলাটি পুনঃতদন্ত করে এবং ২০১৮ সালের ২৯ এপ্রিল পুনরায় আট আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।