হলিউডে দক্ষিণ এশীয় শিল্পীদের অবস্থান নিয়ে মৈত্রেয়ীর খোলামেলা ভাবনা

হলিউডের পরিচিত মুখ এবং নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’-খ্যাত মৈত্রেয়ী রামকৃষ্ণন সম্প্রতি হলিউডে দক্ষিণ এশীয় শিল্পীদের অবস্থান ও নিজের অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। ২৪ বছর বয়সী তামিল বংশোদ্ভূত এই কানাডিয়ান অভিনেত্রী বর্তমানে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘বেস্ট অব দ্য বেস্ট’-এ অভিনয়ের মাধ্যমে দক্ষিণ এশীয় প্রতিনিধিত্বের ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।

মৈত্রেয়ীর মতে, গত কয়েক বছরে হলিউডের সিনেমা ও টেলিভিশনে দক্ষিণ এশীয়দের উপস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এখন কেবল চরিত্রের সাংস্কৃতিক পরিচয়ের ওপর নির্ভর না করে তার ব্যক্তিত্ব ও নিজস্ব বৈশিষ্ট্যকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও অতীতে এমন কিছু চরিত্র দেখা গেছে যেগুলোর সঙ্গে দক্ষিণ এশীয় দর্শকরা পুরোপুরি একাত্ম হতে পারেননি, তবে মৈত্রেয়ী মনে করেন, সেই চরিত্রগুলোই বর্তমানের বাস্তব ও বৈচিত্র্যময় প্রতিনিধিত্বের পথ প্রশস্ত করেছে।

অভিনেত্রী আরও বলেন, বর্তমান অবস্থানে পৌঁছাতে দক্ষিণ এশীয় শিল্পীদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। আগের প্রজন্মের অভিনয়শিল্পীদের নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করতে হয়েছে, যেখানে বড় চরিত্রের সুযোগ তো দূরের কথা, ছোটখাটো পার্শ্বচরিত্র পাওয়ার জন্যও তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। সেই লড়াই ও সাফল্যের ধারাবাহিকতাই আজকের প্রজন্মকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ করে দিয়েছে।

‘নেভার হ্যাভ আই এভার’-এর সাফল্যের পর তরুণ দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পেলেও মৈত্রেয়ী মনে করেন, শুধু পর্দায় উপস্থিতিই যথেষ্ট নয়। তিনি জোর দিয়ে বলেন, দক্ষিণ এশীয় শিল্পীদের এমন চরিত্রে অভিনয় করা উচিত যেখানে তাদের সংস্কৃতি, বৈচিত্র্য এবং বাস্তব জীবনের অভিজ্ঞতা ফুটে ওঠে। তাই নিজেদের পর্দায় দেখা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে, নিজেদের গল্প নিজেদের মতো করে বলার সুযোগ তৈরি করার আহ্বান জানিয়েছেন মৈত্রেয়ী।