নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুব লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ও এ কেন্দ্রিক নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ভুলতা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার ২০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
মিছিলটি ভুলতা ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে গোলাকান্দাইল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। সভায় রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূইয়া, রূপগঞ্জ থানা বিএনপির সহসভাপতি আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন এবং ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রূপগঞ্জের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো ধরনের নৈরাজ্য বা জ্বালাও-পোড়াও করতে দেওয়া হবে না। কোথাও এমন কর্মকাণ্ডের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। এছাড়া, ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গাড়িতে অগ্নিসংযোগসহ যে নৈরাজ্য চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পাশাপাশি, এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান নেতারা।

