চুক্তি না করলে ইরানকে আবারও ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কঠোর হুঁশিয়ারি দেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সৌদি আরবের রাজধানী রিয়াদে হুতিদের হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন। একই সঙ্গে ওই অঞ্চলে অবস্থানরত এবং ভ্রমণরত মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সামনে বর্তমানে দুটি পথ খোলা আছে—হয় দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া অথবা অর্থনৈতিকভাবে পচে যেতে দেওয়া, নতুবা একটি চুক্তিতে পৌঁছানো। তিনি ইরানকে ‘ভালো আচরণ’ করারও পরামর্শ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি ট্রাম্প। হুতিদের বিষয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং হুতিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই না করার বিষয়ে সম্মত হয়েছে।
এদিকে তেহরান পাল্টা সতর্ক করে বলেছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে যে উপসাগরীয় অঞ্চলের কিছু দেশের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা করছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যেসব দেশ এই হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, তাদের পরিণতি ভোগ করতে হবে। তবে ইরানের একজন শীর্ষ কর্মকর্তা ওয়াশিংটনের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করার এবং সৌদি আরব ও হুতিদের মধ্যে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন।
গত শুক্রবার মধ্যরাতের পর রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর কয়েক ঘণ্টা আগেই সৌদি কর্তৃপক্ষ রিয়াদ ও আশপাশের এলাকায় হামলার আশঙ্কায় সতর্কবার্তা দিয়েছিল। পরে হুতিরা দাবি করে যে তারা রিয়াদের একাধিক ‘সংবেদনশীল’ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট শনিবার জানায়, রিয়াদের দিকে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। হুতিদের মুখপাত্র আমিন হাইয়ান দাবি করেছেন, ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার জবাবেই রিয়াদ এবং ইয়ানবুতে আরামকোর স্থাপনায় তারা এই অভিযান চালিয়েছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ক্যাম্প ডেভিডে নিজের অবকাশ সংক্ষিপ্ত করে শনিবার হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প। সিএনএনের জাতীয় নিরাপত্তা বিশ্লেষক অ্যালেক্স প্লিটসাস জানিয়েছেন, ইয়েমেনে হামলার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করতেই ট্রাম্প ক্যাম্প ডেভিডে বৈঠক করেছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় আঙ্কারা সামরিক সহায়তা দিতে প্রস্তুত। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, তুরস্কের সহায়তা মূলত আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রতিরোধ এবং নজরদারির মতো প্রতিরক্ষামূলক ও কারিগরি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

