টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত পাম্প থেকে ছোরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ছোরমান রেজা সদর উপজেলার গালা ইউনিয়নের ভারচান্দা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি আবু হানিফের ছেলে এবং গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশে পরিত্যক্ত ওই পাম্পের সামনে ছোরমান রেজাকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এই হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

