প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৬। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকটি সই হয়।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সহযোগিতা অনুবিভাগের যুগ্মসচিব বেবী রাণী কর্মকার এবং আইসিসিসিএডির রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভাইজার ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি এই সমঝোতা স্মারকটিকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে এর লক্ষ্য বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সচিব মো. দেলোয়ার হোসেন আরও বলেন, এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানান। পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এই সমঝোতা স্মারকটি সফলভাবে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চুক্তির শর্তানুযায়ী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর জলবায়ু পরিবর্তনবিষয়ক সক্ষমতা বৃদ্ধিতে আইসিসিসিএডি সহায়তা করবে। এর আওতায় দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে সক্ষমতা অর্জনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রকল্প প্রণয়ন ও গ্রিন ক্লাইমেট ফান্ডসহ অন্যান্য আন্তর্জাতিক অর্থায়নকারী প্রতিষ্ঠানের সহায়তা পাওয়ার পথ সুগম করা হবে।
এছাড়া মন্ত্রণালয়ের নীতি ও কার্যক্রমের মূলধারায় জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা, নীতিনির্ধারণী সংলাপে নেতৃত্ব জোরদার এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক জাতিসংঘের সম্মেলন (কপ)-এ কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে আইসিসিসিএডি কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। অনুষ্ঠানে মৎস্য উন্নয়ন করপোরেশনের মো. মীর হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. লতিফুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা ও মূল্যায়নকোষের প্রধান ড. মো. হাবিবুর রহমান এবং আইসিসিসিএডির ব্যবস্থাপনা পরিচালক সাকিব হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

