উপকূল পরিচ্ছন্ন রাখলে সুরক্ষিত থাকবে দেশের সবকুল

পরিষ্কার-পরিচ্ছন্নতা মানুষের মন ও সমাজকে সতেজ রাখে। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে পরিবার ও সমাজকে পরিচ্ছন্ন রাখার মানসিকতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। আমাদের সমাজে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি পরিবেশের অবস্থাও উদ্বেগজনক, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলো চরম অবহেলার শিকার। দেশের নীতিনির্ধারকরা শহরকেন্দ্রিক উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকলেও উপকূলের দিকে তাদের নজর নেই বললেই চলে। অথচ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত বিস্তৃত ১৯টি জেলা নিয়ে গঠিত প্রায় ৭০০ কিলোমিটারের অধিক উপকূলীয় এলাকা লাখো মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস।

উপকূল বলতে আমরা কেবল কক্সবাজার বা সি-বিচ বুঝি, কিন্তু এর ব্যাপ্তি অনেক বড়। উপকূল মানেই শুধু জলোচ্ছ্বাস বা দুর্যোগ নয়, এটি মৎস্য ও পর্যটন সম্ভাবনার এক বিশাল ভাণ্ডার। কিন্তু তীব্র অসচেতনতায় সমুদ্রের পাড় এখন প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যে ভরে উঠছে। বিশ্বব্যাংকের ২০২০ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশে মাথাপিছু প্লাস্টিক ব্যবহারের হার ২০০৫ সালের ৩ কেজি থেকে বেড়ে ৯ কেজিতে দাঁড়িয়েছে। এই প্লাস্টিক বর্জ্যের বড় একটি অংশ শেষ পর্যন্ত সাগরে মিশে যাচ্ছে। গবেষণায় দেখা গেছে, সাগরের প্রায় ৮০ শতাংশ ভাসমান প্লাস্টিক বর্জ্য উপকূলে বা উপকূলের ১০ কিলোমিটারের মধ্যেই থেকে যায়। প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে প্রবেশ করে, যার একটি বড় অংশ আবার উপকূলে ফিরে আসে, যা উপকূলীয় ইকোসিস্টেমের জন্য মারাত্মক হুমকি।

এক হিসাবে দেখা গেছে, ২০১৯ সালে শুধু ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পণ্য পরিবহন ও এর মোড়কে ব্যবহৃত প্লাস্টিক দ্রব্য থেকেই ব্যাপক হারে সমুদ্র দূষণ হয়েছে। ওই বছর এ ধরনের সমুদ্র দূষণকারী প্লাস্টিক জঞ্জালের পরিমাণ ছিল ২২ কোটি ৪০ লাখ পাউন্ড। এতেই বুঝা যাচ্ছে যে, ৪০০-৫০০ বছরেও পলিথিন বা প্লাস্টিক ধ্বংস হবে না। বিভিন্ন গবেষণা অনুযায়ী, বর্তমানে সাগরে প্রায় ৭৫–১৯৯ মিলিয়ন টন প্লাস্টিক রয়েছে এবং প্রতিবছর আরও ৮–১৪ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে প্রবেশ করছে। বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালে সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের ওজন বেশি হতে পারে।

হাইকোর্টের নির্দেশনা থাকা সত্ত্বেও উপকূলীয় হোটেল, মোটেল ও রেস্তোরাঁয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকসামগ্রীর ব্যবহার বন্ধ হয়নি। পরিবেশ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপের অভাব এক্ষেত্রে বড় কারণ। পর্যটকদের ফেলে আসা চিপসের প্যাকেট, সিগারেটের ফিল্টার এবং প্লাস্টিকের মোড়কগুলো সময়ের সঙ্গে মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয়ে মাছ ও সামুদ্রিক প্রাণীর দেহে প্রবেশ করছে। এমনকি মানুষের মল ও বুকের দুধেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ২০২৩ সালের তথ্যমতে, দেশে বছরে ৮ লাখ ২১ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যার ৪০ শতাংশ রিসাইকেল হয় এবং বাকিটা পরিবেশে মিশে যায়। রাজধানীতে দৈনিক ৬৮১ টনসহ সারা দেশে প্রতিদিন ২ হাজার ২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়।

এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য নতুন নতুন উদ্ভাবনী পদক্ষেপ ও গবেষণার প্রয়োজন। মিসরের তরুণ উদ্যোক্তারা যেমন ব্যবহৃত পলিথিন ও প্লাস্টিক বর্জ্য থেকে টাইলস তৈরি করছেন, বাংলাদেশেও তেমন উদ্যোগ নেয়া সম্ভব। তবে সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। যতক্ষণ পর্যন্ত নাগরিকদের চাহিদা থাকবে, ততক্ষণ প্লাস্টিক উৎপাদন বন্ধ করা কঠিন। তাই পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার নিশ্চিত করা, জনসচেতনতা বাড়াতে উঠান বৈঠক ও মাঠ পর্যায়ে প্রচারণা চালানো এবং তরুণ প্রজন্মকে প্লাস্টিক বর্জ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো প্রয়োজন। পরিশেষে, উপকূল আমাদের সম্পদ এবং তা রক্ষার দায়িত্ব আমাদেরই। উপকূল পরিচ্ছন্ন থাকলে তবেই সুরক্ষিত থাকবে দেশের সবকুল।