তেজগাঁও কলেজ মসজিদে আটক ১২ জন রিমান্ডে, ১১ জন মুক্ত

রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য বা জঙ্গি সন্দেহে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অন্যদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উগ্রবাদে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় বাকি ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ আসামিদের আদালতে হাজির করেন। শেরেবাংলা নগর থানার একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মাসুদ-উর-রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ১২ আসামির প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে পাঠানো ১২ আসামি হলেন—শিহাব উদ্দিন (৩২), মারজুক আহমেদ (২৬), সাইফুর রহমান খান (৩২), রাম্মি মিয়া (২৯), কামিছুল ইসলাম (৩৬), সাজ্জাদ হোসেন (২২), আফিফ আহমেদ (২০), মোহাইমিনুল হক (২৭), জাওজি চৌধুরী (১৯), শাহাদাত হোসেন (২৫), সাকিব আহমেদ (২৬) ও জুনায়েদ আহমেদ (২১)।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তেজগাঁও কলেজের মসজিদ থেকে ২৩ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ১১ জন কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাই মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট, উগ্রবাদ ছড়ানো এবং বড় ধরনের সহিংসতা বা নাশকতার উদ্দেশ্যে একদল যুবক শুক্রবার তেজগাঁও কোকাকোলা মোড় এলাকায় সমবেত হয়েছিলেন। পরে তেজগাঁও ও শেরেবাংলা নগর থানা পুলিশের সহায়তায় সিটিটিসি অভিযান চালিয়ে তাদের আটক করে। তদন্তকারী সংস্থার দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা 'মিটআপ' নামের একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য এবং এই গ্রুপের মাধ্যমে তারা উগ্রবাদী কথাবার্তা ও যোগাযোগ বজায় রাখতেন।

সিটিটিসি জানিয়েছে, গ্রেপ্তার শিহাব উদ্দিনের বিরুদ্ধে নরসিংদীর পলাশ থানায় সন্ত্রাসবিরোধী আইনে এবং মারজুক আহমেদের বিরুদ্ধে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে মামলা বিচারাধীন রয়েছে। ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, আসামিদের ব্যবহৃত মোবাইল ও ডিজিটাল আলামত উদ্ধার, সামাজিক যোগাযোগমাধ্যমের কথোপকথন বিশ্লেষণ এবং উগ্রবাদী কার্যক্রমের অর্থদাতাদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।