রাজধানীর মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আলিফ এন্টারপ্রাইজের একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডা ইউ-লুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীত পাশে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় কয়েকজন ব্যক্তি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুল অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
উল্লেখ্য যে, একই সন্ধ্যায় রাজধানীর মিরপুর এলাকায় আরও দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে সন্ধ্যা সোয়া ৭টায় মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে ৭টায় মিরপুর-১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।

