নিউইয়র্কে একক কনসার্টে গান গাইবেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনয়ের পাশাপাশি শখের বসে গান চর্চাও করে থাকেন। নিজের এই সংগীত প্রতিভার বহিঃপ্রকাশ ঘটাতে এবার তিনি পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে আয়োজিত একটি একক কনসার্টে গান পরিবেশন করবেন এই তারকা।

আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের জ্যামাইকা পারফরমিং আর্টস সেন্টারে দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে 'অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট' শিরোনামের এই কনসার্টটি। ড্রিমবক্স এন্টারটেইনমেন্টের আয়োজনে এই কনসার্টের সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ ডলার এবং ভিআইপি টিকিটের মূল্য ৩০০ ডলার।

নিজের একক সংগীত পরিবেশনা নিয়ে যুক্তরাষ্ট্র থেকে অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের। বিভিন্ন সময় বন্ধুদের আড্ডায় কিংবা ঘরোয়া আয়োজনে আমি গান গেয়েছি। এমনকি আমার অভিনীত বেশ কয়েকটি নাটকেও আমার কণ্ঠে গান রয়েছে। আমেরিকার এই আয়োজনে আমাকে গান গাওয়ার যে সুযোগ দেওয়া হয়েছে, তাতে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এখানে আমি আমার পছন্দের শিল্পীদের গানগুলো গাওয়ার পাশাপাশি মাঝে হয়তো নিজের গাওয়া নাটকের একটি গানও গাওয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, যারা এই কনসার্টের আয়োজন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার বিশ্বাস, তারা আগামীতে অন্য শিল্পীদেরও যথাযথ সম্মান দিয়ে গান গাওয়ার সুযোগ করে দেবেন। আমার পরে যারা এখানে গান করবেন, তাদের জন্যও এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমানে আমি কনসার্টের জন্য নির্বাচিত গানগুলো নিয়ে নিয়মিত অনুশীলন করছি।