প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পিএম। পাকিস্তান সিনেটের বিরোধীদলীয় নেতা রাজা নাসির আব্বাস সতর্ক করে বলেছেন যে, পাকিস্তান যদি মধ্যপ্রাচ্যের কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে দেশটিতে মহাবিপর্যয় নেমে আসবে। তিনি উল্লেখ করেন, সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত মক্কা চুক্তির সুনির্দিষ্ট শর্তাবলী সম্পর্কে পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন ছাড়া আর কেউ জানেন না। যেহেতু দেশটির অঘোষিত শাসক সামরিক বাহিনী, তাই এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পার্লামেন্টে তোলার প্রয়োজনও বোধ করা হয়নি।
দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। তখন জেনারেল মুনিরের কাছে এটি কূটনৈতিক বিজয় হিসেবে মনে হলেও, সময়ের ব্যবধানে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং ইরান উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। এর ফলে ইয়েমেনে সৌদি-হুথি সংঘাতও নতুন করে তীব্রতর হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে আগস্ট মাসে তুরস্ককে অন্তর্ভুক্ত করে চুক্তিটির নতুন নামকরণ করা হয় ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’। এই চুক্তির আওতায় তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে বাকি সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। প্রতিরক্ষা বিশ্লেষক আয়েশা সিদ্দিকা মনে করেন, জেনারেল মুনির সম্ভবত আঞ্চলিক ঝুঁকির সঠিক হিসাব করতে পারেননি। বিশ্লেষকদের ধারণা, হুথিদের দমনে সৌদি আরব যদি ‘মক্কা চুক্তি’ প্রয়োগের সিদ্ধান্ত নেয়, তবে পাকিস্তানের সামনে সেনা পাঠানো ছাড়া কোনো পথ খোলা থাকবে না—এমনকি প্রশিক্ষণের কাজে সৌদি আরবে অবস্থানরত ৮০০ পাকিস্তানি সেনাকেও যুদ্ধের ময়দানে নামাতে হতে পারে।
বিশ্লেষকদের আশঙ্কা, সৌদি আরব যদি চুক্তি অনুযায়ী পাকিস্তান থেকে সেনা সহায়তা চায়, তবে ইসলামাবাদ তা অস্বীকার করতে পারবে না, বিশেষ করে ৮ বিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তার কারণে। তবে এতে করে ইরানের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান স্পষ্ট হয়ে পড়বে, যা তেহরানের সাথে ইসলামাবাদের সুসম্পর্ক নষ্ট করবে। এছাড়া দেশের ভেতরে শিয়া-সুন্নি উত্তেজনা বৃদ্ধি এবং আফগান সীমান্ত ও বেলুচিস্তানে অস্থিতিশীলতা তৈরির ঝুঁকিও রয়েছে।
বর্তমানে পাকিস্তান সরকার হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ এড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, সৌদি ক্রাউন প্রিন্স নিজেও এখনই চুক্তিটি সক্রিয় করতে চান না এবং যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত ছাড়া সৌদি আরব পূর্ণমাত্রায় যুদ্ধে জড়াবে না। তবে ভবিষ্যতে কী ঘটবে তা নিশ্চিত করে বলা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

